শিবচরে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে গত রোববার অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আমির হোসেন হাওলাদার (৪৫), তাঁর স্ত্রী কমলা বেগম (২৮), বরগুনার আমতলী উপজেলার ওবায়দুর রহমান (২৫) ও তালতলী উপজেলার জলিল মোল্লা (২৫)।থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৭ এপ্রিল বিকেলে কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হালিম বরিশালগামী বিআরটিসি বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চারজন অপরিচিত ব্যক্তি তাঁদের কাছে বাড়তি টিকিট আছে বলে হালিমের কাছে একটি টিকিট বিক্রি করেন। একপর্যায়ে সখ্য গড়ে তোলে হালিমকে তাঁরা চা-বিস্কুট খাওয়ান। বাসে উঠে জ্ঞান হারালে তাঁরা হালিমের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা, মুঠোফোনসহ অন্য মালামাল নিয়ে যান। এ ঘটনার পর থেকে হালিমসহ কাউন্টারের লোকজন তাঁদের ধরার জন্য ওত পেতে থাকেন। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে চক্রটির চার সদস্য আবারও কাওড়াকান্দির বিআরটিসির কাউন্টারে আসেন। এ সময় হালিম অজ্ঞান পার্টির সদস্য আমির হোসেনসহ অন্যদের শনাক্ত করেন এবং তাঁদের আটক করেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁদের শিবচর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।