শিবচরে অপহূত সেই কলেজছাত্রী ঢাকা থেকেউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুই দিন পর মাদারীপুরের শিবচর উপজেলার সেই কলেজছাত্রীকে গতকাল বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিবচরের নূরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে ওই শিক্ষার্থী। গত সোমবার দুপুরে বাড়ি থেকে কলেজে আসার পথে মেয়েটি অপহূত হয়। সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে মেয়েটির চাচা মো. রিয়াজুল ইসলাম শিবচর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সন্দেহভাজন অপহরণকারীর মা (৪৫) ও চাচিকে (৩৫) আটক করে। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ও মেয়েটির মুঠোফোনের কললিস্ট ধরে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে শিবচর থানার এএসআই নিউটন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল বুধবার ভোররাতে কেরানীগঞ্জের কদমতলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রনি হাসেন (২০) ও তাঁর ফুফা আসলাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এদিকে উদ্ধারের পরপরই মেয়েটি গতকাল সকালে পুলিশের সহযোগিতায় ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে যায়। এ সময় এক কলেজছাত্র তাকে উত্ত্যক্ত করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছাত্রকে তিন মাসের সাজা দেওয়া হয়।

শিবচর থানার দায়িত্বরত কর্মকর্তা এ কে এম মাসুদ খান জানান, কলেজছাত্রী অপহরণের ঘটনায় মামলা হয়েছে।