শিবচরে আ.লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া তারা লাঠি দিয়ে পিটিয়ে তাঁর হাত ও পা ভেঙে দিয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মাদবর প্রায় দুই মাস আগে ভান্ডারিকান্দি এ এম উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই দুর্বৃত্তরা তাঁকে মারধর করাসহ হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে হাবিবুর চান্দেরচর বাজার থেকে যাওয়ার পথে ভান্ডারিকান্দি এ এম উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে মিজান খান, বাবুল খান ও রাজা খানসহ ১০/১২ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। তারা হাবিবুরকে ছুরি মেরে ও চাপাতি দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তাঁর বাম হাত ও পা ভেঙে গেছে। অবস্থার অবনতি হলে দুপুরে হাবিবুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় তাঁর ছেলে মসিউর রহমান বাদী হয়ে মিজান, বাবুল ও রাজাসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। কায়েস খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।