শিবচরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু, আহত ৫
মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। আগুনে নয়টি ঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দুপুরে ওই গ্রামের সরদারবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পরে। এ সময় হযরত সরদারের দুই শিশুপুত্র আসিফ হোসেন (৬) ও সিদ্দিক মিয়া (২) একটি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা যায়। আগুনে আশপাশের নয়টি ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে আয়না বেগম, ইব্রাহিম হাওলাদার, আলেয়া বেগমসহ পাঁচ ব্যক্তি আহত হন। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।কান্নাজড়িত কণ্ঠে হযরত সরদার বলেন, ‘আগুন লাগার সময় আমার দুই সন্তান ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। তাই তারা বাইরে বের হতে পারে নাই।’ কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন বেপারি বলেন, দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কোনো গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হুসাইন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য দেওয়া হবে।