শিবচরে কলেজের জমি অন্যদের ইজারা শিক্ষার্থীদের বিক্ষোভ
মাদারীপুরের শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের জমি চার ব্যক্তির নামে ইজারা দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সেই ইজারা বাতিল না করেই গত জানুয়ারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস ও স্থানীয় ভূমি কার্যালয়ের কানুনগো এস এম মেজবাহ উদ্দিন ২৫ শতক জমি এলাকার চার ব্যক্তির নামে ইজারা দেন। এর মধ্যে ভূমি কার্যালয়ের অফিস সহকারী শাহ জামালের স্ত্রী রোকসানা বেগমের নামে ৪ শতক জমি ইজারা দেওয়া হয়। সম্প্রতি এ ঘটনা জানাজানি হলে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। গতকাল বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা নতুন ইজারা বাতিল করে কলেজের নামেই ওই জমি বহাল রাখার ও ইউএনওর বিচার দাবি করে।কলেজের অধ্যক্ষ মো. তোতা মিয়া জানান, ‘কলেজের ইজারা বাতিল না করেই চারজনকে জমির ইজারা দেওয়া হয়েছে। অথচ গত জুনেও কলেজের ইজারার বকেয়া টাকা পরিশোধের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়।’ কানুনগো এস এম মেজবাহ উদ্দিন বলেন, ‘ওই জমি পরিদর্শন করে ইজারা নবায়নের জন্য প্রতিবেদন দাখিল করি।’ সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন বলেন, ‘চার ব্যক্তির নামে জমি ইজারা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। কারণ, আমি গত মে মাসে শিবচরে যোগ দিয়েছি।’