শিবচরে গাছচাপায় স্কুলছাত্রসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় গাছের চাপায় এক স্কুলছাত্রসহ তিনজন আহত হয়েছেন। বিনা অনুমতিতে চর দত্তপাড়া সড়কের সরকারি একটি গাছ কাটার সময় গত বুধবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিবচর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।আহত ব্যক্তিরা হলেন: উপজেলার উৎরাইল গ্রামের লজ্জা বিবি (৩০), তাঁর ছেলে উৎরাইল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোহেল মিয়া (১৪) ও চর দত্তপাড়া এলাকার দেলোয়ার (২২)। তাঁদের মধ্যে লজ্জা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিবচর থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে চর দত্তপাড়া রাস্তা দিয়ে লজ্জা বিবি ও সোহেল ব্যাটারিচালিত একটি ইজিবাইকে যাচ্ছিলেন। এ সময় ওই রাস্তার পাশের একটি শিশুগাছ কাটা হচ্ছিল। হঠাৎ গাছটি ইজিবাইকের ওপর পড়ে গেলে সোহেল ও লজ্জা বিবি এবং ইজিবাইকের চালক দেলোয়ার আহত হন। দত্তপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল ওহাব মিয়া বাদী হয়ে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওহাব মিয়া বলেন, চর দত্তপাড়া এলাকার আবদুল মোতালেব চৌকিদার, দবির উদ্দিন মৃধা ও আবুল কালাম খান কোনো অনুমতি না নিয়ে অবৈধভাবে সরকারি গাছ কেটেছেন। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস জানান, এ ব্যাপারে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।