শিবচরে গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামে হেলেনা বেগম (৩০) নামের এক গৃহবধূ শুক্রবার রাতে এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। তাঁকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হেলেনা বেগম বলেন, ‘রাত সাড়ে ১০টার দিক আমি ঘরে বসা ছিলাম। হঠাৎ শরীরে তরল কিছুর ছিটা লাগে। আমি জানালা দিয়ে টর্চ দিয়ে দেখি, ছামাদ ঘরামিসহ চার-পাঁচজন দৌড়ে পালাচ্ছে। ততক্ষণে আমার শরীর পুড়ে যাচ্ছিল।’ এ সময় তাঁর আর্তচিৎকারে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়।হেলেনা বলেন, ‘প্রায় এক বছর আগে আমি ছামাদ ঘরামির কাছ থেকে সুদে ২০ হাজার টাকা এনে একজনকে দিয়েছিলাম। এরপর থেকেই সে আমাকে কুপ্রস্তাব আর টাকার জন্য চাপ দিত।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ঝলসানোর ধরন দেখে মনে হচ্ছে, হেলেনার ওপর দুর্বল কোনো এসিড (কার্বলিক বা ব্যাটারির জন্য ব্যবহূত) ছোড়া হয়েছে। এসিডে তাঁর গলা, বুক, মুখমণ্ডলের অংশবিশেষ ও বাম পা ঝলসে গেছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই আল আমিন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হেলেনার স্বামী শওকত শেখ গত শনিবার ছামাদ ঘরামিসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।