শিবচরে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার
মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাপারীকান্দি গ্রামে গত সোমবার রাতে আছমা বেগম (২২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আছমার স্বামী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, প্রায় নয় মাস আগে ব্যাপারীকান্দি গ্রামের বিল্লালের সঙ্গে একই এলাকার আছমার বিয়ে হয়। এক মাস পর কিডনিতে সমস্যার কারণে আছমার অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে আছমা স্বাভাবিকভাবে সব কাজ করতে পারতেন না। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অন্য দিনের মতো সোমবার আছমা ও বিল্লাল রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালের দিকে ঘরের বারান্দায় রক্ত দেখে বিল্লালের মা-বাবা ছেলে ও পুত্রবধূকে ডাক দেন। ঘরের দরজা খুলে বিল্লাল দৌড়ে বেরিয়ে যান। ঘরে ঢুকে তাঁরা খাটের নিচে আছমার লাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিল্লালকে আটক করে পুলিশে দেয়। আছমাকে হত্যার কথা বিল্লাল হোসেন স্বীকার করেছেন। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে।