শিবচরে ছদ্মবেশে চরমপন্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় নানা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন চরমপন্থীরা। তাঁরা কেউ ফেরিওয়ালা, কেউ দিনমজুর, কেউবা রিকশা-ভ্যানচালক হয়ে কুতুবপুর, কাদিরপুর, কাঁঠালবাড়ি, উমেদপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশে আছেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশ ও র্যাবের অভিযান জোরদার হওয়ায় এসব চরমপন্থী নেতা-কর্মীরা দক্ষিণাঞ্চলে পালিয়ে এসে গা-ঢাকা দিচ্ছেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের শিক্ষক মো. আলমগীর মিয়ার কলেজপড়ুয়া ছেলে রুবেলকে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ বাড়ির পুকুরপাড়ে ফেলে পালিয়ে যান ওই বাড়িতে আশ্রিত আকমেল মোল্লা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের মোছলেম মোল্লার ছেলে আকমেল। রুবেলের বাবা আলমগীর মিয়া বলেন, ‘২০০৬ সালের জুন মাসে আকমেলকে জমির ফসল ও পুকুর দেখাশোনার জন্য তত্ত্বাবধানকারী হিসেবে নিয়োগ করা হয়। আকমেল ছয় মাস খুব বিশ্বস্ততার সঙ্গে কাজ করে। ২০০৭ সালের ১১ জানুয়ারি রাতে আমার দ্বিতীয় ছেলে রুবেলকে সে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। আমার স্ত্রী ও আমি তখন ঢাকায় ছিলাম। পরে জেনেছি, টাকা নিয়ে বিরোধের জের ধরে আকমেল এ হত্যাকাণ্ড ঘটায়। তখনো আমরা বুঝতে পারিনি, আকমেল একজন চরমপন্থী নেতা। একই বছর ৮ মে পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ আকমেল নিহত হওয়ার পর তার পরিচয় প্রকাশিত হয়। জানতে পারি সে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) নেতা ছিল।’ গত বুধবার রাতে উপজেলার কুতুবপুর হুজ্জুত আলী ব্যাপারিকান্দি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দুই নারীসহ একই চরমপন্থী সংগঠনের ছয়জন সদস্যকে শিবচর থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা হলেন, হিছাব আলি (৩০) ও তাঁর স্ত্রী সুমাইয়া (২২), শাহাবুল মণ্ডল (২৮) ও তাঁর স্ত্রী হাসিনা (২৫), কালু মণ্ডল ও মনিরুল ইসলাম। ফেরিওয়ালা বেশে তাঁরা শিবচরে অবস্থান করছিলেন। তাঁদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের সদস্যরা এখন শিবচরের বিভিন্ন স্থানে ফেরিওয়ালা, রিকশা-ভ্যানচালক ও দিনমজুর হিসেবে বিচরণ করছেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, গ্রেপ্তার হওয়া ছয় চরমপন্থীর মধ্যে একাধিক হত্যা মামলার আসামিও রয়েছেন। স্থানীয় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে।কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কালু মণ্ডল ২০০৬ সালের অক্টোবরে মিরপুরের ফুলবাড়িয়া এলাকার ট্রিপল মার্ডার (রাজু, রাজিব ও আলফাজ হত্যা) মামলার এজাহারভুক্ত আসামি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) শীর্ষ ক্যাডার। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। হাসিনা ও সুমাইয়া বলেন, ‘আমাদের মধ্যে কেবল কালু মণ্ডলই ওই সংগঠনের সক্রিয় নেতা। একসঙ্গে তিন হত্যাসহ আরও হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। তিনিই আমাদের এই লাইনে এনেছেন।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে কুষ্টিয়ার মিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ ও র্যাবের সাঁড়াশি অভিযানের কারণে এ অঞ্চলের অনেক চরমপন্থী নেতা ও কর্মী দক্ষিণাঞ্চলের মাদারীপুরসহ বিভিন্ন জেলায় আশ্রয় নিয়েছেন।শিবচরের শিক্ষক প্রশান্ত কুমার রাহা বলেন, দূর-দূরান্ত থেকে আসা অনেক দিনমজুর ও রিকশা-ভ্যানচালক শিবচরের বিভিন্ন জায়গায় বাড়িভাড়া নিয়ে থাকছেন।শিবচরের ব্যবসায়ী মনির হোসেন বলেন, শিবচরে স্থানীয় রিকশা-ভ্যানচালকের চেয়ে বাইরে থেকে আসা যুবকশ্রেণীর ভ্যানচালকের সংখ্যা বেশি। এ ছাড়া বহিরাগত অনেক ফেরিওয়ালাও দেখা যাচ্ছে। তাঁরা যে অন্য এলাকার, তা ভাষা শুনেই বোঝা যায়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে আমি শিগগিরই উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা ডাকব। সাম্প্রতিক ঘটনায় মনে হচ্ছে, শিবচরে অনেক বহিরাগত সন্ত্রাসী এসে আত্মগোপন করেছেন।