শিবচরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন প্রকল্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প ও মধ্যম আয়ের লোকদের আবাসন-সংকট কমিয়ে আনার লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মাদারীপুরের শিবচরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে। গতকাল শুক্রবার এ প্রকল্পের উদ্বোধন করা হয়। গতকাল সকালে শিবচর পৌরসভার নলগোড়া ও ঠেঙ্গামারা মৌজায় ময়নাকাটা নদীর কাছে ১৯ দশমিক ৬২ একর জমিতে এ প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ, জেলা প্রশাসক শশী কুমার সিংহ, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ব্যবসায়ী মুনির চৌধুরী প্রমুখ। উদ্বোধন শেষে শিবচর পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন গণপূর্ত প্রতিমন্ত্রী। প্রথম পর্যায়ে প্রকল্প এলাকায় পাঁচ কাঠার ১০৯টি ও তিন কাঠার ৪৯টি আবাসিক প্লট করা হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, পাম্প হাউস, বৈদ্যুতিক উপকেন্দ্র, বিপণিবিতান ও মসজিদ নির্মাণ করা হবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পাঁচ কাঠার ৮২টি ও তিন কাঠার ৮৪টি আবাসিক প্লট, আটটি বাণিজ্যিক প্লট, বাণিজ্যিক স্পেস, খেলার মাঠ ও পার্ক এবং দোকানপাট নির্মাণ করা হবে। ২০১১ সালের জুনের মধ্যে এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ এবং ২০১২ সালের জুনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষ সূত্র জানায়।