শিবচরে ডাকাত শহীদের সহযোগীসহ তিনজন গ্রেপ্তার
মাদারীপুরের শিবচর উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক একটি পিস্তলসহ ইকবাল হোসেন (২৮) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল ঢাকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন ইকবালের সহযোগী বিপ্লব হোসেন (২৫) ও খলিল মৃধা (২৪)।শিবচর থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে থানার একদল পুলিশ উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর নতুন বাজারে যায়। ওই সময় সেখান দিয়ে মোটরসাইকেলে করে দক্ষিণ ক্রোকচরে গ্রামের বাড়িতে যাচ্ছিল ইকবাল ও তাঁর দুই বন্ধু। পুলিশ তাঁদের আটক করে ইকবালের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইকবাল ঢাকার শীর্ষস্থানীয় ডাকাত শহীদের সহযোগী। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।