শিবচরে দুই ইউপির নির্বাচন স্থগিত
মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল বুধবার ভোট গ্রহণ করা হয়েছে। তবে ব্যালট পেপার এলোমেলো হয়ে যাওয়ায় উমেদপুর ও হাইকোর্টের রায় অনুযায়ী সন্ন্যাসীরচর ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়েছে।একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট পেপার বিতরণের সময় এক ইউনিয়নের ব্যালট অন্য ইউনিয়নে দেওয়া হয়। ফলে অনেক ইউনিয়নে বেশি এবং অনেক ইউনিয়নে ব্যালট কম হয়। রাতে এ খবর জানাজানি হলে রাতের মধ্যেই সমাধানের চেষ্টা করে প্রশাসন। চারটি ইউনিয়নের সমস্যা সমাধান হলেও উমেদপুরের ব্যালট কম হয়। এ কারণে সকাল থেকেই উমেদপুরের আটটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উমেদপুর ইউপির প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসক শশী কুমার সিংহ জরুরি বৈঠক করেন। বৈঠকে রিটার্নিং কর্মকর্তা আ. জলিল নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এদিকে ডিলারশিপের কারণে প্রার্থিতা বাতিল হওয়া নুরুল ইসলাম মাদবরের প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সন্ন্যাসীরচর ইউপির নির্বাচন স্থগিত করেন। স্থগিতাদেশের অনুলিপি মঙ্গলবার রাতে পাওয়া যায়।এদিকে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান-সমর্থকদের মধ্যে দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।