শিবচরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে বুধবার গভীর রাতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় দোকানপাট, ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ন্যাসীরচর ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে রাজ্জাক মালকে হারিয়ে বিজয়ী হন মতি মাল। এ নিয়ে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষকালে হাসমত ফকিরের মুদি দোকান, গোলাম মালের চালের দোকান, আলীম মুন্সীর মনোহরি দোকান, রাজা ফকিরের মনোহরি দোকান, নুরু মালের মুদি দোকান, শাহীন কাজির মুরগির ফার্ম, জালাল মালের মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়া মজিবর মাল, আজিজ মাল, অহেদ মাল, মতি মাল, জালাল মালের বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে রাজ্জাক মালসহ তাঁর পক্ষের ১৭ জন ও মতি মালের পক্ষের ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।