শিবচরে পরাজিত প্রার্থীর সমর্থক ও পুলিশের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় গত বুধবার ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের সঙ্গে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৩৫টি গুলি ছোড়ে। এলাকাবাসীর দাবি, ওই সংঘর্ষে পুলিশের গুলিতে মো. দেলোয়ার হোসেন (২৭) নামের এক যুবক আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মারা গেছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিম বেপারির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ফলাফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল শিকদারের নেতৃত্বে একটি দল ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা পুলিশকে খবর দেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ব্যালট বাক্সসহ প্রিসাইডিং কর্মকর্তাকে উদ্ধার করে শিবচরের দিকে রওনা হয়। মালেরহাট এলাকায় পৌঁছালে ওই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশ ৩৫টি গুলি ছোড়ে। ওই সমর্থকেরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে মো. দেলোয়ার হোসেন (২৭) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। দেলোয়ার মফিতুল্লাহ হাওলাদার কান্দির আবদুস সামাদ খানের ছেলে।গতকাল পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।শিবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ব্যালট পেপার ও পিসাইডিং কর্মকর্তাসহ সবাইকে রক্ষার জন্য ৩৫টি গুলি ছোড়া হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কি না, তা তিনি জানেন না।