শিবচরে পুলিশের পিটুনিতে চালকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশের অভিযানের সময় সিরাজ খান (৫০) নামে অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। নিহত সিরাজ উপজেলার পূর্বশ্যামাইল গ্রামের মৃত মঙ্গল খানের ছেলে। এ ঘটনায় শিবচর থানার তিন উপপরিদর্শক (এসআই) ও তিন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিরাজের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ পিটুনি দিয়ে গর্তে ফেলে সিরাজকে হত্যা করেছে।
অভিযোগ অস্বীকার করে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী দাবি করেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার কথা শুনে পুলিশের একটি দল নলগোড়া এলাকায় অভিযান চালালে সিরাজ খান দৌড়ে পালানোর সময় একটি গর্তে পড়ে যায়। এতে সেখানেই তাঁর মৃত্যু হয়।’
সিরাজের পরিবার ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শিবচর পৌরসভার নলগোড়া এলাকার এক বাগানে বসে তাস খেলছিলেন ছয় ব্যক্তি। এ সময় পুলিশের ছয় কর্মকর্তা দুটি মোটরসাইকেল নিয়ে সেখানে অভিযান চালান। তাঁরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে মারধর করেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সিরাজ খান। পরে পুলিশ সদস্যরা তাঁকে একটি বাড়ির পাশে ফেলে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ধাওয়া দিলে পুলিশ সদস্যরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে সিরাজ খানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিরাজ খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাতেই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ মোফাজ্জেল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সিরাজ খানের মৃত্যু হয়। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে দেখে বোঝা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ খান বলেন, নলগোড়া এলাকায় অভিযান চালানো এসআই আসাদ, রমজান আলী ও আমিনুল এবং এএসআই আজাদ, হারুন ও জুয়েলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সিরাজের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সিরাজ খানের ভাই ইদ্রিস খান অভিযোগ করেন, ‘আমার ভাইকে পুলিশে পিটাইয়ে মাইরা ফেলছে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে তারা দুটি মোটরসাইকেল রাইখা পালিয়ে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আমরা সন্ধ্যার পরে কয়েকজন বসে তাস খেলছিলাম। তখন থানার কয়েকজন পুলিশ আমাদের ধাওয়া করলে পালিয়ে যাই। কিন্তু সিরাজ ভাইকে পুলিশ ধরে ফেলে এবং তাঁকে প্রচণ্ড মারধর করে। এতে সিরাজ ভাই মারা যান।’