শিবচরে প্রশস্তকরণের নামে সড়কের গাছ নিধন
মাদারীপুরের শিবচরে সড়ক প্রশস্ত করার জন্য অপ্রশস্ত সড়কের গাছ কাটার কথা থাকলেও প্রশস্ত সড়কের গাছও ঠিকাদারেরা কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবার প্রশস্ত সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছ রেখে নিরাপদ দূরত্বের মোটা গাছগুলো কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ বিভাগ, ঠিকাদার ও এলাকাবাসী সূত্র জানায়, পাচ্চর-শিবচর-মাদারীপুর সড়কের ১৮তম কিলোমিটার অংশ থেকে ৩৪তম কিলোমিটার অংশ পর্যন্ত সড়কের কিছু অংশ ১৮ ফুট প্রশস্ত। বাকি রাস্তা ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্ত করার জন্য ১২ ফুট প্রশস্ত রাস্তার পাশের গাছ কাটার জন্য নিলাম ডাকা হয়। ঢাকার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী বৃক্ষ পালনবিদের কার্যালয় থেকে মোট ১৬টি ভাগে ১৫২টি গাছ ১৫ দিনের মধ্যে কাটার দায়িত্ব দেওয়া হয় সাতজন ঠিকাদারকে। কিন্তু গত বুধবার থেকে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নে শেখপুর অংশে দেড় কিলোমিটার দীর্ঘ এলাকায় ১৮ ফুট প্রশস্ত সড়কে প্রথম ও দ্বিতীয় গ্রুপের গাছগুলো কাটা শুরু হয়েছে। গাছগুলো সড়কটি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরও গাছগুলো কাটায় এলাকাবাসীসহ জনপ্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসী মজিবর, রবিউলসহ অনেকে ক্ষোভের সঙ্গে বলেন, রাস্তা প্রশস্ত করার নামে সড়কঘেঁষা গাছগুলো না কেটে নিরাপদ দূরত্বে থাকা মোটা ও বড় গাছগুলো দেদারসে কাটা হচ্ছে। যার একেকটির দাম অন্তত ২৫ থেকে ৪৫ হাজার টাকা। অথচ টেন্ডারে ১০-১২টি গাছের দাম ধরা হয়েছে ৪৫ থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত। বাঁশকান্দির ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, শেখপুর সেতু এলাকা থেকে ইটভাটা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে একটি মরা শিশুগাছ ছাড়া বাকি কোনো গাছই সড়কটির জন্য ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু ঠিকাদার সব গাছই কেটে নিচ্ছে। ঠিকাদার লিটন সিকদার বলেন, ‘আমরা সাতজন ঠিকাদার এই সড়কের ১৬টি গ্রুপের ১৫২টি গাছ কিনেছি। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের মার্কিং করা গাছই কাটছে ঠিকাদারেরা।’ সড়ক ও জনপথ বিভাগের মাদারীপুরের উপসহকারী প্রকৌশলী মো. ফেরদৌস বলেন, সড়কটির স্বার্থেই শেখপুর এলাকার এক কিলোমিটার ও সাদীপুর অংশের দেড় কিলোমিটার এলাকায় ১৮ ফুট প্রশস্ত রাস্তার বেশ কিছু্ গাছও কাটা হচ্ছে। এর মধ্যে শেখপুরের মসজিদসংলগ্ন দুই-তিনটি গাছ নিরাপদ সত্ত্বেও মুসল্লিদের অনুরোধে কাটা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আ. রেজ্জাক বলেন, মূলত ১২ ফুট প্রশস্ত সড়ক থেকে গাছ কাটতে হবে। তবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ১৮ ফুট প্রশস্ত অংশের গাছও ঠিকাদার কাটতে পারে।