শিবচরে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে উপজেলার পৌর এলাকার যাদুয়ারচর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম মজিদ মিয়া (২৪)। তিনি যাদুয়ারচর এলাকার ইরাদ সরদারের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

শিবচর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে বৃষ্টির মধ্যে মজিদ যাদুয়ারচর এলাকায় একটি সেতু পার হচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।