শিবচরে বাস উল্টে দুজন নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় বাস উল্টে দুই ব্যক্তি নিহত এবং আহত হয়েছে ৩৫ জন। গতকাল রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে খুলনাগামী স্বাধীন লিংক পরিবহনের একটি বাস বন্দরখোলা এলাকায় পৌঁছে একটি গাড়িকে অতিক্রম করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই বাসের যাত্রী মো. সাইফুল ইসলাম (৩৫) মারা যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপর যাত্রী সজল (২৩) মারা যান। সাইফুল খুলনার ডুমরিয়া উপজেলায় খসন্ড গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে। তাৎক্ষণিকভাবে সজলের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় বাসে আরও ৩৫ জন যাত্রী আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসের চাপায় একজন নিহত: পিরোজপুরের মঠবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল রোববার বিকেলে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের তুষখালী এলাকায় বাসের চাপায় দুদু মিয়া (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে। বিকেলে ওই স্থানে সড়কটি পার হওয়ার সময় পিরোজপুরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা বাসের চালক গোপাল চন্দ্রকে আটক করে তুষখালী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।