শিবচরে বাড়িতে ঢুকে ব্যাংক কর্মকর্তাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে গত বুধবার রাতে দবির উদ্দিন বেপারী নামের এক ব্যাংক কর্মকর্তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে তিনি খুন হয়েছেন বলে দবির উদ্দিনের স্ত্রী অভিযোগ করেছেন।দবির উদ্দিন (৫০) সোনালী ব্যাংক শিবচর শাখার সহকারী কর্মকর্তা বলে ব্যাংকের ব্যবস্থাপক আবদুস সোবাহান হাওলাদার জানান।পুলিশ ও পরিবার সূত্র জানায়, শিবচর পৌরসভার জাদুয়ারচর মহল্লার বাসিন্দা দবির উদ্দিন ও তাঁর স্ত্রী পেয়ারা বেগম বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। এ সময় বাড়ির পেছন দিক দিয়ে সাত-আটজন দুর্বৃত্তকে ঢুকতে দেখে পেয়ারা বেগম ঘরে ফিরে যান। তাদের মধ্যে দুজন ঘরে ঢুকে পেয়ারা বেগমের হাত-পা বেঁধে ফেলে। একই সময় তিন-চারজন দবির বেপারিকে ধরে ঘরের ভেতর নিয়ে যায়। পরে তারা সবাই তাঁকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় মুঠোফোন, ৩০ হাজার টাকা ও জমির কাগজপত্র নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর দবিরের স্ত্রী ও ছেলের চিৎকার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য দবিরের বড় ভাই খবির বেপারী, ছোট ভাই আলতাব বেপারী, ভাতিজা মিঠু ও সাইদুর রহমানকে আটক করেছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক পিপিএম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দবির বেপারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর ভাইসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরে পাঠানো হয়েছে।