শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
মাদারীপুরের শিবচরে কেব্ল টেলিভিশনের সংযোগের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামে গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন কেব্ল টেলিভিশনের সংযোগের কর্মী শিবচর পৌরসভার মহুরিপট্টি মহল্লার সবুজ শেখ (২৫) ও উপজেলার বাঁচামরা গ্রামের ইউনুছ আকন (৪৫)। এলাকার কয়েকজন জানান, প্রায় এক সপ্তাহ ধরে চর বাঁচামরা তালুকদারকান্দি গ্রামে কেব্ল টেলিভিশনের সংযোগ ছিল না। তার ছিঁড়ে মরা আড়িয়ালখাঁ নদের ওপর পড়ে যাওয়ায় ওই এলাকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দুপুরে বাহাদুর গ্রামের বিল্লাল ঢালির মালিকানাধীন কেব্ল নেটওয়ার্কের কর্মচারী সবুজ স্থানীয় আরও পাঁচজন দিনমজুরকে নিয়ে নদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের খুঁটির সঙ্গে কেব্ল টেলিভিশনের তার সংযোগ করতে যান। তাঁরা নৌকা নিয়ে নদীর মধ্যে গিয়ে বাঁশের সাহায্যে লাইন মেরামত করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা বাঁশ লেগে যায়। এতে নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়।