শিবচরে বিলে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর বিলের পানিতে বিষ ঢেলে পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর বিলের মালিক মুন্সীকান্দি গ্রামের আবদুর রশিদ চৌকিদার ও করম আলী বেপারী। একই গ্রামের আমির হোসেন বেপারী ও আলী মোল্লা তাঁদের সঙ্গে বিলে মাছ চাষ করার চুক্তি করেন। বার্ষিক ১০ হাজার টাকা হিসাবে প্রায় আট বছরের চুক্তি করা হয়। পাঁচ মাস আগে আমির হোসেন বেপারী ও আলী মোল্লা ওই বিলে পোনা ছাড়েন।ঘেরের মালিক আমির হোসেন ও আলী মোল্লা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে মৃজারচর গ্রামের দিলু বেপারী, মজিবর বেপারী, আছমত আলী, গোলাম মাওলা, আবদুল মান্নানসহ কয়েকজন দুষ্কৃতকারী বিলে বিষ ঢেলে দেয়। এতে বিলের প্রায় পাঁচ লাখ টাকার রুই, কাতলা, তেলাপিয়া, মিনারকার্পসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছের পোনা মরে ভেসে ওঠে। গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাঁশকান্দির মৃজার বিলে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মরে ভেসে ওঠে। এ ছাড়া বিষের কারণে বিলের পানি বিষাক্ত হওয়ায় এলাকাবাসী থালা-বাসন ও কাপড় ধোয়ার কাজ করতে পারছে না। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) বিমল বিশ্বাস জানান, মৃজার চর বিলে মাছ মারার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে মাছ মরার সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।