শিবচরে ব্যবসায়ী হত্যায় ভাইসহ দুজনের যাবজ্জীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে তাঁর ভাইসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আহমেদ এই রায় দেন। ১৯৯৭ সালে ওই হত্যাকাণ্ড ঘটে।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন, শিবচরের উমেদপুরের আবু তালেব মাতবর ও তাঁর সহযোগী সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শাহাদাত খালাসি। নিহত ব্যক্তির নাম মোস্তফা মাতবর। তিনি দণ্ডপ্রাপ্ত আবু তালেবের বড় ভাই ছিলেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, জামিনে বের হয়ে তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯৭ সালে শিবচর বাজারে হোটেল ব্যবসাকে কেন্দ্র করে মোস্তফা মাতবরের সঙ্গে তাঁর ছোট ভাই আবু তালেবের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে একই বছরের ৪ এপ্রিল রাতে আবু তালেব তাঁর সহযোগী শাহাদাতকে নিয়ে হোটেলের মধ্যে ঘুমন্ত অবস্থায় মোস্তফাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পরদিন নিহতের স্ত্রী রহিমা বেগম এই দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) মো. এমরান লতিফ বলেন, যাবজ্জীবনে পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এমরান লতিফ আরও বলেন, দীর্ঘদিন পলাতক থাকায় আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। তবে রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।