শিবচরে ভাঙনে বাড়িঘর সড়ক-জমি বিলীন
নদীতে পানি বাড়ায় মাদারীপুরের শিবচর উপজেলায় চারটি ইউনিয়নে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে এসব ইউনিয়নের দুই শতাধিক পরিবারের বসতভিটা, ২০০ একর ফসলিজমি ও দুটি সড়ক বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় দুটি বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে হঠাৎ করে পদ্মা, আড়িয়ালখাঁসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে। এতে গত ১৫ দিনে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ২৫টি, শিরুয়াইল ইউনিয়নের ৪৫টি, নিলখি ইউনিয়নের ৫০টি ও সন্ন্যাসিরচর ইউনিয়নের ৯০টি পরিবারের বসতঘর আড়িয়ালখাঁ নদে বিলীন হয়ে গেছে। এসব পরিবারের সদস্যরা এখন অপরের জমিতে কোনোমতে ছাপরা বানিয়ে বসবাস করছে। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভাঙনে শিবচর উপজেলা সদর থেকে বহেরাতলা পর্যন্ত পাকা সড়কটি ও সন্ন্যাসিরচর-মুন্সীকান্দি আধাপাকা সড়ক বিলীন হয়ে গেছে। শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকইর ওয়াজ উদ্দিন মাতবর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ও সন্ন্যাসিরচর ইউনিয়নের আজাদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে । সন্ন্যাসিরচর ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসিরচর গ্রামের বৃদ্ধা হাজেরা খাতুন বলেন, ‘একসময় ৬০-৭০ বিঘা ধানিজমি আছিল। আড়িয়ালখাঁর প্যাটে সব গেছে। দু চোহে অনেক দেখছি। নিত্তি বছর নদী ভাঙছে আর বাড়ি সরাইছে। কতক জাগায় বাড়ি বানাইছে। এহন ঘর তুলে থাহার মতো জমি নাই। মাইয়ার জামাইর জাগায় ছাপড়া তুলে পাঁচ পুলার তিন পুলা, পুলার বউ, নাতি-নাতনি নিয়া থাহি। মাইয়ার জামাইর জাগায় কয় দিন থাহুম।’ নদীভাঙনকবলিত বহেরাতলা এলাকার সোনা মিয়া বলেন, প্রতিবছর বর্ষা শুরু হলেই আড়িয়ালখাঁ নদে ভাঙন শুরু হয়। এতে শত শত পরিবার ঘরবাড়ি, গাছপালা ও ফসলিজমি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অনেক ধরনের আশ্বাস দেয়। কিন্তু বাস্তবে পরিবারগুলো কিছুই পায় না। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আনোয়ার বলেন, ‘আমাদের কোনো সাহায্যের দরকার নেই, শুধু নদীভাঙন রোধে বেড়িবাঁধ তৈরি করে দিলেই হবে।’ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘বেশ কিছু দিন ধরে নদীভাঙন শুরু হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ২০০ একর ফসলিজমি নদীতে বিলীন হয়ে গেছে। কিন্তু কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মুজিবুর রহমান বলেন, নদীভাঙনকবলিত চারটি ইউনিয়ন থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা পেয়েছি। এ তালিকা যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তবে এখনো কোনো সাহায্য পাওয়া যায়নি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে নদীভাঙনের খবর পেয়েছি। এ ব্যাপারে জরুরি তদারকি করার জন্য নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। শিগগিরই নদীভাঙনকবলিত এলাকায় সাহায্য দেওয়া হবে।