শিবচরে মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া
বৈশাখী মেলার নামে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি ফেরিঘাট এলাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতা-কর্মী অশ্লীল নৃত্য, মাদকদ্রব্য বিক্রি ও জুয়ার আসর বসিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাওরাকান্দি ভিআইপি ফেরিঘাট এলাকায় ক্ষমতাসীন দলের কর্মী পরিচয়ে সুজন মাদবর, খোকা মিয়া, মাসুদ মাদবর, নাসির চৌধুরীসহ কিছু প্রভাবশালী ব্যক্তি ১৮ এপ্রিল থেকে বৈশাখী মেলার নামে প্রশাসনের কাছ থেকে দ্য কাঞ্চন নামের একটি সার্কাস প্রদর্শনের অনুমতি নেন। কিন্তু সেখানে করা হয় অশ্লীল নৃত্য পরিবেশন। এ ছাড়া বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বসে র্যাফল ড্র ও জুয়ার আসর। শাজাহান মিয়া, আবদুর রউফসহ কয়েকজন বলেন, চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের উপস্থিতির কথা বলে দর্শকদের ধোঁকা দেওয়া হচ্ছে। দর্শকেরা বেশি দামে টিকিট কিনে ভেতরে গিয়ে প্রতারিত হচ্ছেন।সার্কাস ও পুতুলনাচের আয়োজক কমিটির প্রধান খোকা মিয়া ও সুজন মাদবর বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলেই এ আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘নিষেধ করা সত্ত্বেও ওরা এসব সার্কাস ও অশ্লীল নৃত্য প্রদর্শন করছে। ওরা আমাদের কথা শোনে না।’