শিবচরে লেগুনা খাদে পড়ে নিহত ১, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে লেগুনা খাদে পড়ে মারা গেছেন মোস্তফা শেখ। স্বামীর মৃত্যুর খবর মুঠোফোনে স্বজনদের জানাচ্ছেন তাঁর স্ত্রী। শনিবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ছবি: প্রথম আলো

মাদারীপুরের শিবচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে যায়। এতে লেগুনার এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের এ এম উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তফা শেখ (৬৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকার মৃত আবদুর রব শেখের ছেলে। এতে আহত হয়েছেন নিহত মোস্তফার স্ত্রীসহ পাঁচজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান লকডাউনের ফলে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ। আঞ্চলিক সড়ক দিয়ে বরিশালের বাবুগঞ্জ থেকে লেগুনায় কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে রওনা দেন মোস্তফা শেখ। ওই লেগুনায় তাঁরা ছাড়াও আরও কয়েকজন যাত্রী ছিলেন। শিবচরের ভান্ডারীকান্দি এ এম উচ্চবিদ্যালয়ের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি খাদে পড়ে যায়। এতে আহত হন ছয়জন। তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

মাদারীপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লেগুনাটি বিধিনিষেধ উপেক্ষা করে গ্রামের সড়ক ব্যবহার করে চলছিল। লেগুনাটি গ্রামের ছোট রাস্তা দিয়ে চলাচল করায় সেটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের পর লাশ হস্তান্তর করা হবে।