শিবচরে শরীরজুড়ে পোড়া ক্ষত নিয়ে কাতরাচ্ছেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন গৃহবধূ জিয়াসমিন আক্তার (২২)। তাঁর শরীরজুড়ে অনেক পোড়া ক্ষত। জিয়াসমিনের অভিযোগ, স্বামী মো. ফরহাদ হোসেন জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিয়ে তাঁর এই দশা করেছেন।মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জিয়াসমিন। একই উপজেলার চরজানাজাত মোল্লাকান্দি গ্রামের জামাল মাতবরের মেয়ে তিনি। এ ঘটনায় জিয়াসমিন বাদী হয়ে শিবচর থানায় ফরহাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ফরহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়াসমিনের ভাষ্যমতে, প্রায় ১০ মাস আগে উপজেলার পোদ্দারচর বালাকান্দি গ্রামের ফরহাদের সঙ্গে তাঁর বিয়ে হয়। ফরহাদ বাসচালকের সহকারী। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার। পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় একদিকে স্বামী যেমন প্রায়ই তাঁর ওপর নির্যাতন চালাতেন, তেমনি যৌতুকের দাবিতে নির্যাতন করতেন শাশুড়ি ও ননদেরাও। নির্যাতন সইতে না পেরে একপর্যায়ে তিনি বাবার বাড়ি চলে যান। ৪ জুন তাঁকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন ফরহাদ। ৭ জুন রাতে আগের মতো তাঁকে মারধর শুরু করেন ফরহাদ। একপর্যায়ে তাঁর মুখে গামছা পুরে দেন তিনি। হাত-পা বেঁধে সারা শরীরে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেন। এরপর চিকিৎসা না করিয়ে ঘরে আটকে রাখেন। এর বিচার দাবি করেন জিয়াসমিন।জিয়াসমিনের বাবা জামাল মাতবর বলেন, ‘আমার বাড়ি থেকে জামাতা মেয়েকে নেওয়ার পর কোনো খোঁজখবর পাচ্ছিলাম না। এ জন্য গত সোমবার মেয়ের শ্বশুরবাড়ি যাই। সেখানে গিয়ে দেখি, সারা গায়ে পোড়া ক্ষত নিয়ে মেয়ে বিছানায় পড়ে কাতরাচ্ছে। তখন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, জিয়াসমিনের শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত কিছু দিয়ে ছেঁকা দেওয়া হয়েছে। ছেঁকা দেওয়ার জিনিসটি জ্বলন্ত সিগারেট হতে পারে। এসব ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে। গ্রেপ্তার হওয়া ফরহাদ থানায় সাংবাদিকদের কাছে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জিয়াসমিনকে আমি সিগারেটের ছেঁকা দিই নাই।’ কে দিয়েছে জানতে চাইলে ফরহাদ কোনো উত্তর দেননি। মামলার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শ্বশুরবাড়ির অন্য সদস্যরা পলাতক।