শিবচরে শিক্ষক নিয়োগ নিয়ে সংঘর্ষ ইউএনওর গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে নিয়োগপ্রত্যাশী দুই ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় নিয়োগ কমিটির সদস্যদের অন্তত পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বুলবুল ইসলাম, জাফর গাছী, সজল মাহমুদ, হেলাল খন্দকার, শাহ-আলম, সজীব মোল্লা ও আবুল খায়ের মোল্লা (৪৫)। তাঁদের বাড়ি শিরুয়াইল গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় নয়জন অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল দিতে বিলম্ব হওয়ায় শিরুয়াইল গ্রামের গোলাম মাওলা মাতবর ও পাশের গ্রামের সাইদুর হোসেনের লোকজন বিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ সময় টিনের তৈরি স্কুলঘরেও ভাঙচুর করা হয়।এই পরিস্থিতিতে নিয়োগ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নেন। এ খবর পেয়ে ওই দুই নিয়োগপ্রত্যাশীর লোকজন বিদ্যালয়ের কক্ষে নিয়োগ কমিটি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। শিবচর থানার দত্তপাড়া পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য সেখানে গিয়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার ও ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, ফেরার পথে গোলাম মাওলা ও তাঁর ঘনিষ্ঠরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে এবং ইউএনওর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।এ ব্যাপারে গোলাম মাওলা সাংবাদিকদের বলেন, তিনি কোনো হামলা চালাননি। গ্রামবাসীর ছোড়া ইটের টুকরায় শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন মাথায় আঘাত পান। তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বাদী হয়ে শিবচর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইউসুফ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়। কোনো অনিয়ম করা হয়নি। ফলাফল ঘোষণার প্রস্তুতিও চলছিল। কিন্তু বাইরে পরিস্থিতি খারাপ দেখে ফলাফল ঘোষণা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘শিরুয়াইল এলাকায় নিয়োগ কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমি ওই এলাকায় যাই। অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের উদ্ধার শেষে ফেরার পথে ইটপাটকেল ছুড়ে আমার গাড়ির গ্লাস ভাঙা হয়।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মিয়া বলেন, ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।