শিবচরে শিশুর লাশ উদ্ধার মা-নানি আটক
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের অখোলউদ্দিন মুন্সীরকান্দি গ্রামের একটি ডোবা থেকে শুক্রবার রাতে ১১ দিন বয়সী একটি কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার সকালে শিশুটির মা ও নানিকে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে ওই গ্রামের ফেরিওয়ালা নান্নু শিকদারের স্ত্রী আছিয়া বেগম চিৎকার শুরু করলে এলাকার লোকজন এগিয়ে আসে। এ সময় তিনি সবাইকে জানান, তাঁর মেয়েকে কে যেন নিয়ে গেছে। খোঁজাখুঁজির পরে রাত পৌনে নয়টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসী।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ খান জানান, নান্নু-আছিয়া দম্পতির আরও দুটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আছিয়া ও নানি সালেহা বেগমকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তাঁরা অসংলগ্ন কথাবার্তা বলছেন। ধারণা করা হচ্ছে, পর পর তিনটি কন্যাসন্তান হওয়ায় এই নবজাতককে হত্যা করা হয়েছে। পুলিশ শিশুটির বাবা নান্নু শিকদারকে খুঁজছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।