শিবচরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর পৌর এলাকার যাদুয়ারচর মোড়ে (সিনেমা হলের কাছে) পেশাগত দায়িত্ব পালনকালে গত সোমবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় শিবচর পৌর এলাকার যাদুয়ারচর মোড়ে সন্ত্রাসীরা হারুন খাঁ নামের এক ব্যক্তিকে মারধর করছিল। এ সময় দৈনিক খবরপত্র ও আমাদের কণ্ঠ পত্রিকার শিবচর প্রতিনিধি আজিজুল হক (২৫) ছবি তুলছিলেন। এ কারণে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকার ইমান, আমির, ইমরান, স্বপন, চাঁন মিয়া, কামালসহ ১০-১২ জন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। এ সময় সন্ত্রাসীরা তাঁর ব্যবহূত মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়।আজিজুল হককে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানকার চিকিৎসক ফারহানা বলেন, আহত সাংবাদিকের অবস্থা গুরুতর। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাঁকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আজিজুলের ভাই মজিবর গৌরা সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।শিবচর থানার পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, সাংবাদিক আজিজুলের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।