শিবচরে সরকারি ভবন ভেঙে রড বিক্রি করে দিলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরের চান্দেরচর বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি বীজাগার ভেঙে দিয়ে রড বিক্রি করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, উমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদন হাওলাদার ও তাঁর সমর্থকেরা এ কাজ করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে দাদন হাওলাদার বলেন, রাস্তা ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিত্যক্ত ভবনটি ভাঙা হয়েছে।এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে দাদন হাওলাদারের নেতৃত্বে প্রায় ৭০-৮০ জন লোক ইউপি কার্যালয়ের পাশে অবস্থিত বীজাগার ভাঙা শুরু করে। রাতের মধ্যে ভবনটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভবনের রডগুলো সরিয়ে নেওয়া হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, রাতে কে বা কারা বীজাগার ভবন ভেঙে রড নিয়ে গেছে। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে তাঁরা জানতে পারেন, দাদন হাওলাদার ও তাঁর পক্ষের লোকজন এ কাজ করেছে। তিনি জানান, প্রায় ৮০০ কেজি রড পাচ্চর বাজারের একটি দোকানে পাওয়া গেছে। কিন্তু কেউ কোনো অভিযোগ না করায় রডগুলো জব্দ করা হয়নি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল বলেন, চেয়ারম্যানের এ ধরনের কাজ অত্যন্ত দুঃখজনক। রডগুলোর সন্ধানও পাওয়া গেছে। কৃষি কার্যালয় মামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।দাদন হাওলাদার বলেন, কর্তৃপক্ষ ও নেতাদের সঙ্গে আলোচনা করে সড়ক ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিত্যক্ত ভবনটি ভাঙা হয়েছে। আর রডগুলো বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে।