শিবচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মামুন মাদবর (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার শিবচর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার ইনছানউদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা এক স্কুলছাত্রী গত ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাচ্ছিল। স্কুলের সামনে বাখরকান্দি পুরাতন বিশ্ব রোডের কাছে পৌঁছালে মামুন মাদবর আদালতের একটি এফিডেভিটের অনুলিপি দেখিয়ে ওই ছাত্রীকে তাঁর স্ত্রী দাবি করেন। পরে ওই ছাত্রী লজ্জায় বিদ্যালয়ে না গিয়ে তার মামার সঙ্গে শিবচর থানায় গিয়ে অভিযোগ করে।শিবচর থানা সূত্রে আরও জানা গেছে, ওই ঘটনার পর থেকে গত এক মাস ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ ছিল। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও মুরাদ আলী শেখ আপস মীমাংসার কথা বলে মামুনকে শুক্রবার থানায় নিয়ে আসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম মামুনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ওই দিনই মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে।মামুন ওই ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন।সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন থেকে নির্বিঘ্নে স্কুলে যেতে পারবে।