শিবচরে হামলায় পল্লী বিদ্যুতের কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিং হওয়ায় গ্রাহকেরা মাদারীপুরের শিবচর উপজেলার পল্লী বিদ্যুতের এক কর্মীর ওপর হামলা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। এ ঘটনায় শিবচর থানায় মামলা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) শিবচর কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দুইটার দিকে গ্রাম এলাকার বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে পৌর এলাকার লাইন চালু করতে পবিসর লাইনম্যান মো. শফিকুর রহমান (৩৫) যাদুয়ারচর গ্রামের পারহাইস এলাকায় যান। পারহাইস এলাকায় একটি উপকেন্দ্র আছে। এখানে এসে সুইচ বন্ধ করতে হয়। সেখান থেকে ফেরার পথে তিন তরুণ এসে লোডশেডিংয়ের কারণে লাঠি দিয়ে শফিককে পিটিয়ে আহত করে এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পবিসর অন্য কর্মচারীরা শফিকুরকে সেখান উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শফিকুর বলেন, ‘রাতে বিদ্যুতের লাইন পরিবর্তন করে পৌর এলাকার লাইন সংযোগ দিয়ে ফেরার সময় তিন তরুণ এসে আমার ওপর হামলা চালায় ও আমার মোটরসাইকেল ভাঙচুর করে।’পবিসর শিবচর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আরব আলী শেখ বলেন, পবিসর কর্মীর ওপর হামলা চালানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘পল্লী বিদ্যুতের কর্মচারীকে মারধরের ব্যাপারে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।’