শিবচরে ৭৭ হাজার বইসহ ট্রাক খালে
মাদারীপুরের শিবচর উপজেলায় মাধ্যমিক স্তরের ৭৭ হাজারের বেশি বই বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভদ্রাসন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিপুলসংখ্যক বই ভিজে নষ্ট হয়ে গেছে।চালকসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা হলেন চালক আবদুস ছালাম (৪৫) ও চালকের সহকারী কৃষ্ণ সরকার (২৭)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ছাপাখানা থেকে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম ও দাখিল শ্রেণী পর্যন্ত) এক হাজার ৬৫ বান্ডিল বই নিয়ে শরীয়তপুর ও মাদারীপুর শিক্ষা কার্যালয়ে যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। একটি টেম্পোকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে মাধ্যমিক স্তরের কিছু বইয়ের সংকট ছিল। এতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই এ বছর ঢাকা থেকে আগেভাগে মাদারীপুরের জন্য ১০ হাজার ৫২৫টি বই এবং শরীয়তপুরের জন্য ৬৬ হাজার ৬০২টি বই পাঠানো হয়। তিনি আরও বলেন, ট্রাকটি ধারণক্ষমতার অন্তত তিনগুণ বই বহন করছিল।