শিবচরের গ্রামে ১৩০ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার সোনাপট্টি গ্রামের দুই বাড়িতে ও নাটোর শহরে এক প্রবাসীর বাসায় গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। শিবচরের বাড়ি দুটি থেকে প্রায় ১৩০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে ডাকাতের দল। এ সময় ডাকাতের হামলায় এক গৃহবধূ আহত হয়েছেন। এদিকে নাটোর শহরের মীরপাড়ার ওই বাসা থেকে ডাকাতেরা স্বর্ণালংকার, টাকা ও তিনটি মুঠোফোন সেট লুটে নিয়েছে।পারিবারিক সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে মুখোশ পরা ২০-২৫ জনের ডাকাত দল সোনাপট্টি গ্রামের সুতা ব্যবসায়ী (একসময়ের কোরিয়া-প্রবাসী) সোহরাব শেখের বাড়িতে ঢোকে। ঘরে ঢুকেই তারা গৃহকর্ত্রী নার্গিস আক্তারের ওপর হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, দুটি ক্যামেরা, তিনটি মুঠোফোন সেটসহ মালামাল লুট করে। পরে ডাকাত দল পাশের ফিরোজ শেখের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ এক লাখ ৪০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ, দুটি মুঠোফোন সেট লুটে নেয়। নাটোরে ডাকাতির ঘটনায় রাতেই সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আপেল মাহমুদ ও সদর থানার ওসি ঘটনাস্থল পরির্দশন করেছেন। প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী মেহেনাজ পারভীন জানান, তাঁর ভাড়া বাসা শহরের মীরপাড়ার বন্ধন কটেজের পঞ্চম তলায়। গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর দেবর পলাশের নাম বলে তিন যুবক বাসায় ঢোকে। ঢুকেই পলাশ দিয়েছে বলে একটি খাম ধরিয়ে দিয়ে পানি খেতে চায় তারা। তিনি (মেহেনাজ) পানি আনতে যাওয়ার সময় যুবকদের দুজন তাঁকে খাটের সঙ্গে বেঁধে ফেলে। অপরজন তাঁর ছোট ভাই রকিব সরকারের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে তিন যুবক ঘরের জিনিসপত্র তছনছ করে এবং টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন সেট নিয়ে যায়।