শিবচরের নাহিদ ও রবিনের বাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহবাগে বিহঙ্গ পরিবহনের বাসে ছুড়ে মারা আগুনে পুড়ে নিহত নাহিদ মোড়ল (১৮) ও তাঁর মামাতো ভাই রবিন মাদবরের (২২) গ্রামের বাড়িতে চলছে মাতম। একসঙ্গে গ্রামের দুই তরুণকে হারিয়ে শোকে স্তব্ধ মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর (মোড়লকান্দি) গ্রামের লোকজন।
নাহিদদের বাড়িতে গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, তাঁর মা রুনি বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। আর্তনাদ করে বলছিলেন, ‘ছেলেকে আমি বলি, বাবা, এই হরতাল-অবরোধের মধ্যে তোর ঢাকায় যাওয়ার দরকার নাই। ছেলে বলে, ‘‘মা আজ কোনো হরতাল নাই, আমি কাল সকালেই চলে আসব।’’ কিন্তু কে জানত আমার ছেলে রাজনীতির বলি হবে?’
নাহিদের বাবা সরোয়ার মোড়ল কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত নাহিদ আমার সঙ্গে মাঠে কাজ করেছে। বলল, শীতের পোশাক কিনতে রবিনের সঙ্গে ঢাকায় যাবে।’
পাঁচ ভাইয়ের মধ্যে নাহিদ তৃতীয়। স্থানীয় কুতুবপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তেন। পাশাপাশি বাবার সঙ্গে জমিতেও কাজ করতেন। বিদেশে যাওয়ার জন্য দুই মাস আগে পাসপোর্ট করেন নাহিদ।
নাহিদদের পুরোনো বাড়িতে কবর খুঁড়ছিলেন তাঁর দাদা আবদুর রউফ মোড়ল। বললেন, ‘নাতির কবর খুঁড়তে হবে, জীবনেও কল্পনা করিনি।’
নাহিদদের বাড়ির পাশেই রবিনদের বাড়ি। সেখানে চলছিল রবিনের অন্তঃসত্ত্বা স্ত্রী মাবিয়ার আর্তনাদ। কোনো সান্ত্বনাই তাঁর কান্না থামাতে পারছিল না।
মাবিয়া বলছিলেন, ‘আমরা তো কোনো দোষ করি নাই। আমাগো কেন এইভাবে মরতে হইব। আইজ কার দোষে সন্তানের মুখও ওর বাপ দেইখা যাইতে পারল না?’
বৃহস্পতিবার সন্ধ্যায় রবিনের দগ্ধ হওয়ার খবর শুনেই তাঁর বাবা কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম মাদবর ও মা আকলিমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে যান।
স্বজনেরা জানান, চার ভাই ও এক বোনের মধ্যে রবিন সবার বড়। দুই বছর আগে তিনি বিয়ে করেন। কাজ করতেন ঢাকার সাভারের একটি পোশাক কারখানায়।
কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার ব্যাপারী বলেন, একই গ্রামের দুটি প্রাণ এভাবে চলে যাওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দেশের রাজনীতিবিদদের প্রতিহিংসার আগুনে পুড়ে গেলেন এই অসহায় বাবা-মায়ের সন্তানেরা। অনাগত সন্তানের মুখও দেখে যেতে পারলেন না হতভাগ্য রবিন।