
সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আবদুল মুজিদ বিশ্বাসকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তর কাফরুলের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবদুল মুজিদ সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান প্রথম আলো ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া আবদুল মুজিদ রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম কাফরুল থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করেন। এ নিয়ে এই মামলার আটজন আসামি গ্রেপ্তার হলো।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গতকাল ৫১৩/১ উত্তর কাফরুলের এক আত্মীয়ের বাড়ি থেকে আবদুল মুজিদকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ আগস্ট রাত সোয়া ১০টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার হরিষপুর গ্রামে শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রাতে রবিউল ইসলামের ভাই আনারুল ইসলাম আবদুল মুজিদ বিশ্বাসসহ ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিন এজাহারভুক্ত আসামি সাবেক সাংসদ আবদুল খালেকের ছেলে শামীম হাসানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
রবিউল ইসলাম নিহতের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে জেলা আওয়ামী লীগ।
১ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ সাতক্ষীরা সদর থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দেন, এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।