শিবপুর থানার কক্ষ থেকে হাজতির লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুর থানা কার্যালয়ের একটি কক্ষ থেকে ডাকাত সন্দেহে আটক এক হাজতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. মহসীন মিয়া (২৫) নামের ওই হাজতির লাশটি গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় কক্ষের জানালার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ দাবি করছে, মহসীন মিয়া আত্মহত্যা করেছেন। কিন্তু মহসীনের পরিবার বলছে, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের লোকজন ও স্বজনেরা দুপুরে থানার সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিপেটা ও গুলিবর্ষণ করে তাঁদের ছত্রভঙ্গ করে।
পুলিশের ভাষ্যমতে, লাশটির এক হাতে ছিল হাতকড়া। আর জানালার ওপরের গ্রিল থেকে ঝোলানো একটি মাফলার ছিল মহসীনের গলায় প্যাঁচানো। এতে বোঝা যায়, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের প্রশ্ন হলো, যে মানুষটির একটি হাতে হাতকড়া লাগিয়ে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, তিনি কীভাবে আত্মহত্যা করতে পারেন? তাঁদের এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরা।
মহসীন মিয়া উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকার সুলতান উদ্দিনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। থানার ভেতরে তাঁর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের লোকজন ও স্বজনেরা দুপুর সাড়ে ১২টার দিকে থানার সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে। শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাড়ৈগাঁও এলাকার এভারেস্ট কেব্ল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে কারখানার পরিচালক আনিসুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে একটি ডাকাতির মামলা করেন। এ ঘটনায় কারখানার নৈশপ্রহরী ও বাড়ৈগাঁও এলাকার তারা মিয়া (৫২) এবং হালিম মিয়াকে (৪৮) আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গত শনিবার রাত দেড়টার দিকে বাড়ৈগাঁওয়ের নিজ বাড়ি থেকে ঘুমন্ত মহসীনকে তুলে আনে পুলিশ।
মহসীন মিয়া নৈশপ্রহরী তারা মিয়ার বড় ভাইয়ের ছেলে। আটকের ২৪ ঘণ্টা পার হলেও তাঁকে আদালতে না পাঠিয়ে থানার ভেতরে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক মনিরুজ্জামান। তিনি মহসীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে না রেখে থানার দোতলায় একটি কক্ষে হাতকড়া পরিয়ে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখেন। ওই কক্ষে হানিফ মিয়া নামের এক পুলিশ সদস্য রাতে ছিলেন। সকাল ছয়টায় তিনি থানা হাজতে দায়িত্ব পালন করতে চলে যান। পরে সকাল সাড়ে সাতটার দিকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মহসীনের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিপেটা ও দুটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
মহসীনের বাবা সুলতান মিয়া অভিযোগ করে বলেন, ‘আমরা কোনো ডাকাতির খবর জানি না। তারা মিয়ার লগে আমার পরিবারের বিরোধ আছে। এরই জের ধইরা সে মহসীনকে ফাঁসানোর লাইয়া নাম কইছে। তার পর হেরে যহন পুলিশ ধইরা নিয়া আইছে। পরে থানার মুন্সি ৪০ হাজার টাকা চাইছে মহসীনরে মারব না কইয়া। আমি গতকাল (রোববার) রাত ১১টায় মুন্সিরে এক হাজার টাকা, এক বোতল পানি ও দুটি কেক দিয়া কইছি আজকা (সোমবার) বাকি টাকা দিমু। পরে রাত একটার দিকে পাঁচজন পুলিশ মহসীনকে বাড়িতে লইয়া গিয়া তাঁর একটা মোবাইল আর মাফলার নিয়া আসে। আর কইছে আজকা সকালে মহসীনকে আদালতে চালান কইরা দিব। সকালে হুনি হেয় মইরা গেছে। হেরা আমার পোলারে পিটাইয়া মাইরা ফালাইছে। হে আত্মহত্যা করব কেরে।’ থানার মুন্সি শাখাওয়াত হোসেন টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মহসীন একজন ডাকাত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গতকাল (রোববার) রাতে ডাকাতির ঘটনা সে স্বীকার করেছে। সে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। জিজ্ঞাসাবাদে মনে হয়েছে সে নতুন ডাকাত। তাই প্রথম ডাকাতিতে আটক হওয়ার ঘটনায় সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে পারে।’ তবে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চালান না করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।