শিবপুর বিএনপিতে তিন ধারা
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর সংস্কারপন্থী হওয়ার কারণে বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়৷ আর ওই ঘটনার পর থেকে মান্নান ভূঁইয়ার নিজ উপজেলা নরসিংদীর শিবপুরে বিএনপি তিন ভাগে বিভক্ত আছে৷ জেলা বিএনপিতেও এ নিয়ে রয়েছে দ্বন্দ্ব৷
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, শিবপুরে বিএনপির তিনটি ধারা থাকলেও উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সব নির্বাচনে মান্নান ভূঁইয়ার অনুসারীরাই জয়লাভ করেছেন৷ মান্নান ভূঁইয়ার অনুসারীরা চান, তাঁদের নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক৷ তাহলে তাঁরা বিএনপিতে ফিরবেন৷ তাঁরা মান্নান ভূঁইয়ার নামে পরিষদও গঠন করেছেন৷ শিবপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওই পরিষদের রয়েছে ২৮টি কমিটি৷ শুধু শিবপুরে নয়, মান্নান ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত বিএনপির আরেক নেতা সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরেরও দ্বন্দ্ব রয়েছে৷ এ কারণে মনোহরদী ও বেলাব উপজেলাতেও বিএনপি দুই ভাগে বিভক্ত৷
শিবপুরে গঠিত আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্যসচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ-উল ইসলাম মৃধা বলেন, শিবপুরসহ গোটা নরসিংদীতে মান্নান ভূঁইয়ার অনুসারী অসংখ্য নেতা-কর্মী রয়েছেন৷ তাঁরা অনেকেই অভিমানে দল থেকে দূরে রয়েছেন৷ তবে তাঁরা সবাই বিএনপি করেন৷ চেয়ারপারসন খালেদা জিয়া যদি তাঁদের দলে আনতে চান, তাহলে নিঃশর্তভাবে মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে৷
নরসিংদী-৩ (শিবপুর) আসনের চারবারের সাংসদ ছিলেন মান্নান ভূঁইয়া৷ শিবপুরের বিএনপির নেতা-কর্মীরা জানান, স্থানীয় সরকারমন্ত্রী থাকাকালে পুরো নরসিংদীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন করেছেন মান্নান ভূঁইয়া৷ এর মধ্যে শিবপুরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে৷ উপজেলার গ্রাম-গঞ্জের রাস্তাঘাটও পাকা করান তিনি৷ এ ছাড়া প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যায় বিদ্যুৎ৷ এসব কারণে এলাকায় মান্নান ভূঁইয়া দারুণ জনপ্রিয় ছিলেন৷ শিবপুরের বিএনপির নেতা-কর্মীরাও তাঁর কথায় চলতেন৷ ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ে মান্নান ভূঁইয়াকে বিএনপি থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি আবুল হারিছ রিকাবদার ও সাধারণ সম্পাদক আরিফ-উল ইসলাম মৃধা দল থেকে স্বেচ্ছায় সরে যান৷ তাঁরা মান্নান ভূঁইয়ার সঙ্গে যোগ দেন৷ কিন্তু সবাইকে অবাক করে মান্নান ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার৷ ফলে বিএনপিতে দুটি ধারা তৈরি হয়৷ ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পান৷ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মান্নান ভূঁইয়া৷ ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক ভূঞার কাছে পরাজিত হন মান্নান ভূঁইয়া৷ আর জামানত হারান তোফাজ্জল হোসেন৷
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, ২০০৮ সালের নির্বাচনের পর নিজের পছন্দের নেতা-কর্মীদের দিয়ে উপজেলা বিএনপির কমিটি করেন তোফাজ্জল হোসেন৷ ২০০৯ সালের ২১ ডিসেম্বর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান খানকে উপজেলা বিএনপির সভাপতি ও আবু ছালেহ রিকাবদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করেন তোফাজ্জল৷ কিন্তু পরবর্তী সময়ে উপজেলা বিএনপির সভাপতি মান্নান খানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তোফাজ্জল৷ এরপর তোফাজ্জল সংস্কারপন্থীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে ২০১৩ সালে ওই কমিটি ভেঙে দেন৷ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পরেও তোফাজ্জল শিবপুরের আহ্বায়ক হিসেবে আবার কমিটি করেন৷ মান্নান খান এই কমিটি না মেনে নিজেদের কমিটি বহাল রাখেন৷ ওই কমিটিকে সমর্থন দেন বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া৷ ফলে উপজেলা বিএনপিতে তিনটি ধারা তৈরি হয়৷
বিএনপির নেতা-কর্মীরা জানান, ২০১০ সালের ২৮ জুলাই মান্নান ভূঁইয়া মারা যাওয়ার পর তাঁর অনুসারীরা গঠন করেন ‘আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ’৷ ২০১১ সালে উপজেলার নয়টি ইউপির সাতটিতে নির্বাচন হয়৷ সবগুলোতেই মান্নান ভূঁইয়ার অনুসারীরা জয়ী হন৷ নির্বাচনের পাশাপাশি বাবার আদর্শের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহ জোগাচ্ছেন মান্নান ভূঁইয়ার ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান৷
উপজেলা বিএনপির সভাপতি দািবদার আবদুল মান্নান খান বলেন, ‘এখানে বিএনপিকে শক্তিশালী করতে হলে দলের মধ্যে ঐক্য দরকার৷ আমি সেই ঐক্য চাইলেও তোফাজ্জল হোসেন অগণতান্ত্রিক উপায়ে উপজেলা কমিটি বিলুপ্ত করেন৷ তিনি উপজেলা বিএনপিতে বিশৃঙ্খলা তৈির করছেন৷’ তবে তোফাজ্জল হোসেন বলেছেন, উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়তার কারণেই কমিটি বাতিল হয়েছিল৷
নরসিংদীতে বিএনপির এই বিভক্তি নিয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির দাবি করেন, বিএনপি চেয়ারপারসন নরসিংদীতে আসার পর সব বিরোধ মিটে গেছে৷ আর কেউ কেউ বিরোধিতা করার চেষ্টা করলেও তারা দলের কেউ নয়৷