শিবপুরে আ.লীগের নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে মো. দুলাল মিয়া (৩৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের দক্ষিণ কারারচর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত দুলাল পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দক্ষিণ কারারচর গ্রামের সমীর উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, দক্ষিণ কারারচর গ্রামের দুলাল মিয়া, খোরশেদ আলম, বায়েজিদ মিয়া, ইকবাল মিয়া ও কালাম মিয়া প্রায়ই স্থানীয় মৌ. তোফাজ্জল হোসেন হাসপাতালের মাঠে আড্ডা দেন। হাসপাতালটি দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় মানুষের আনাগোনা খুব কম। গত রোববার রাত নয়টার দিকে তাঁরা মাঠে জড়ো হন। আড্ডার একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে প্রথমে মুখোশ পরা দুই ব্যক্তি এসে দুলালের মাথায় কুপিয়ে জখম করে। পরে মুখোশ ছাড়া আরও চারজন এসে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দুলালের সঙ্গে থাকা লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে চলে যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে দুলালকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে দুলালের মৃত্যু হয়। রাতেই স্থানীয় সাংসদ জহিরুল হক ভূইয়া হাসপাতালে দুলালের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে শিবপুর থানার পুলিশকে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ওই হাসপাতালের মাঠে জনতার ভিড়। ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে দুলাল মিয়ার বাড়ি। বাড়িতে তাঁর স্ত্রী রেনু বেগমের মাথায় পানি ঢালছেন আত্মীয়স্বজনেরা। দুলালের ছোট ভাই লুৎফর মিয়াকে সান্ত্বনা দিচ্ছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শী মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমার ঘুম ঘুম পাচ্ছিল। হঠাৎ দুজন লোক আইসাই দুলালের মাথায় চায়নিজ কুড়াল দিয়া একটা কোপ দিল। আরেকজন কইল, “ওরে গুলি কর।” সঙ্গে সঙ্গে আরও চারজন আইসা ফাঁকা গুলি চালালে আমরা দৌড়ে একেকজন একেক দিকে চলে যাই। তাদের হাতেও চাপাতি ছিল। পরে লোকজন নিয়া গিয়া দেখি, দুলালের মাথায়, বুকে, পিঠে চাপাতি ও কুড়ালের কোপ।’লুৎফর মিয়া বলেন, ‘আমার বড় ভাই গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেন। মাত্র কয়েক ভোটে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ছামির উদ্দিনের কাছে পরাজিত হন। মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জের ধরে তাঁকে খুন করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ভাই আমাদের কাছে কয়েকজনের নাম বলে গেছেন। মামলার এজাহারে নামগুলো উল্লেখ করব।’ঘটনাস্থলে নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘দুলাল দলের দক্ষ কর্মী ছিলেন। এলাকায় সামাজিকভাবে তাঁর ভালো অবস্থান তৈরি হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।’নিহত দুলালের স্ত্রী রেনু বেগম বলেন, ‘যারা আমার স্বামীরে মারছে, আমি হেগর ফাঁসি চাই।’ শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল ইসলাম শেখ প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে নাম বলা যাচ্ছে না। তবে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা, পারিবারিক সমস্যা—এসব দিক সামনে রেখে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর দুলালের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, সাবেক ইউপি সদস্য আলতাফ মিয়ার ছেলে মোস্তফা মিয়া ও মাসুদুর রহমান, চান মিয়ার ছেলে নুরু মিয়া, জালাল মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক এবং নরসিংদীর শিল্পপতি সালাউদ্দিন আহমেদের ছেলে আদনান সালাউদ্দিনকে আটক করা হয়েছে।