শিবপুরে এসএসসি পরীক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থীর ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে শিবপুর সবুজ গার্লস হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও তামিম মিয়া উপজেলার মোহরপাড়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার মোহরপাড়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তামিম মিয়ার সঙ্গে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত সজীব খান ও তার বন্ধুরা তর্কে জড়িয়ে পড়ে। পরে তামিম ও তার বন্ধু সাইফুল ইসলাম, মামুন মিয়া ও শাহাদত হোসেনসহ বেশ কয়েকজন সজীবদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সজীব খান শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে উপজেলা ছাত্রলীগের সদস্য ও তার বড় ভাই রাজন খান উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।এ ঘটনার জের ধরে গতকাল রোববার সকালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে তামিম ও সাইফুল সকাল নয়টার দিকে শিবপুর সবুজ গার্লস স্কুল কেন্দ্রে গেলে আগে থেকে ওত পেতে থাকা সজীব ও তার বন্ধু অমি খান এবং অভি খান ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের ও আশপাশের শিক্ষার্থীদের চিৎকারে শিক্ষকেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।