শিবপুরে গ্রেপ্তার দালালের তিন দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর অভিযোগে গ্রেপ্তার দালাল কামাল সরকারকে (৩৫) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা তাঁর রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উপজেলার উত্তর জয়নগর এলাকার মো. আসাদ মিয়ার দায়ের করা মামলায় গতকাল বুধবার সন্ধ্যায় কামালকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কামাল সরকারের তত্ত্বাবধানে উত্তর জয়নগর এলাকার আসাদ মিয়ার ছেলে আবু নাঈম (১৬) নামে অবৈধভাবে ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল। গতকাল সকালে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারটিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নাঈম তাঁর বাবাকে মুঠোফোনে আটকা পড়ার খবর দিলে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, পুলিশ কামাল সরকারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।