শিবপুরে ডাকাতের হামলায় যুবলীগের কর্মী Lyb, AvnZ 5

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাতের হাতে যুবলীগের এক কর্মী খুন হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া বাজারে ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া (২৫)। তিনি যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক মিয়া। তাঁর বাড়ি একই ইউনিয়নের তেলিয়া পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন স্থানীয় ব্যবসায়ী আরমান মিয়া, মোস্তফা মিয়া, রবিউল আলম ও অজ্ঞাতনামা আরও দুজন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে অস্ত্রধারী ২০-২৫ জনের একদল ডাকাত তেলিয়া বাজারে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাজারের পাহারাদারদের ছত্রভঙ্গ করে। এ সময় ডাকাতদল প্রথমে বাজারের একটি ভিসিডির দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করলে দোকানের মালিক ও স্থানীয় যুবলীগের কর্মী সবুজ মিয়া ডাকাতদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতেরা সবুজ মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁর চিৎকারে বাজারের অন্য লোকজন ও ছত্রভঙ্গ হয়ে যাওয়া পাহারাদারেরা এলাকাবাসীকে সংগঠিত করে এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালিয়ে আরও পাঁচজনকে আহত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় সবুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, সবুজ মিয়ার ময়নাতদন্ত ঢাকার শাহবাগ থানার অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।