শিবপুরে নকল কারখানার সন্ধান গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় গতকাল সোমবার খাদ্যসামগ্রী তৈরির একটি নকল কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার যোশর বাজারের বশির আহমদের মালিকানাধীন এসবি কোম্পানি নামের প্রতিষ্ঠানের মাছের খাদ্যসামগ্রী তৈরির অনুমোদন রয়েছে। কিন্তু কারখানার মালিক সেখানে মাছের খাদ্য তৈরির পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই, চানাচুর, লবণ, লজেন্স, চিপসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করেন। অভিযানের সময় ভেজাল খাদ্যসামগ্রী ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়। কারখানা সিলগালা করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে কারখানার মালিক বশির আহমেদ ও কারখানার ব্যবস্থাপক মিঠু মিয়াকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও মালিকের ছেলে খায়রুল বাশারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।