শিবপুরে বাজারের ইজারাদারের ওপর যুবলীগের নেতার হামলা
নরসিংদীর শিবপুর উপজেলার সোনাকুড়া সিঅ্যান্ডবি বাজারের ইজারাদারের ওপর হামলা চালানো হয়েছে। চক্রধা ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে একদল যুবক এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাকুড়া বাজারের ইজারায় দরপত্রে অংশ নিয়েছিলেন আক্তার। কিন্তু তিনি কার্যাদেশ পাননি। সর্বোচ্চ দরদাতা হিসেবে কার্যাদেশ পান মো. হাইতউল্লাহ নামের স্থানীয় এক ব্যক্তি। তাঁর অংশীদার কাজল মিয়া। পয়লা বৈশাখ কাজল লোকজন নিয়ে বাজারে খাজনা তুলতে যান। এতে বাধা দেন আক্তার। বাগিবতণ্ডার একপর্যায়ে আক্তারের নেতৃত্বে কয়েকজন যুবক কাজলের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাজলকে আহত করে। তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাইতউল্লাহর অভিযোগ, আক্তার ইজারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছেন। আক্তার জোর করে বাজারে মেলা বসিয়ে চাঁদা আদায় করছেন বলেও অভিযোগ করেন তিনি।আক্তার বলেন, উপজেলা পরিষদের দরপত্র কমিটি অনিয়মের মাধ্যমে হাইতউল্লাহকে ইজারা দিয়েছে। এ ব্যাপারে আদালতে মামলা করা হয়েছে। কাজলকে মারধরের ব্যাপারে তিনি বলেন, ‘আমি মারিনি। কিছু ছেলে মারছিল। আমি তাদের বাধা দিতে গিয়েছিলাম।’শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেদায়েত উল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বলেন, দরপত্রে কোনো অনিয়ম হয়নি।