শিবপুরে বাস-পিকআপের সংঘর্ষে নয়জনের মৃত্যু
নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বুধবার যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।মৃত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার বেলাব গ্রামের মাকসুদা আক্তার (১৭), শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের সুলতান মিয়া (৩৮), শ্রীফুলিয়া গ্রামের শহীদ মিয়া (৩৭), চাঁদপাশা গ্রামের বীফ চান (৪৬), সদর উপজেলার আলমগীর মিয়া (২৪) ও মনোহরদী উপজেলার নামা গোতাশিয়া গ্রামের সামাদ মিয়া (৪০)। এ ছাড়া তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের নরসিংদী জেলা ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। আর বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে সরেজমিনে দেখা যায়, পিকআপটি মহাসড়কের মধ্যে পড়ে আছে আর বাসটি পড়ে ছিল খাদে। দুপুর দুইটার দিকে নরসিংদী জেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তিদের মরদেহ সারি করে রাখা হয়েছে। এ সময় নিহত আলমগীর মিয়ার শ্বশুর দুলাল মিয়া জানান, ‘আমার মেয়ের জামাই নরসিংদীর শেখেরচরে কাপড়ের ব্যবসা করত। ব্যবসার পাওনা টাকা আদায় করতে আলমগীর সকালে ঘর থেকে বের হয়।’ বাসচালকের খামখেয়ালিপনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।হাসপাতালে কলেজছাত্রী মাকসুদা আক্তার রুমার মরদেহের পাশে বসে মূর্ছা যাচ্ছিলেন তার স্বজনেরা। চাচা ইকবাল হোসেন জানান, ‘রুমার বাবা বেঁচে নেই। এক ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট। ভাই দেশের বাইরে। নিম্ন আয়ের পরিবারটি রুমাকে ঘিরে ভালো কিছুর স্বপ্ন দেখত। আর রুমার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। নরসিংদী থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় আমার ভাতিজি।’‘তোমরা আমার রুমারে আইন্না দেও। রুমা কোচিংয়ে যাইব।’ এ কথা বলার পর রুমার মা মাহফুজা বেগম আবার জ্ঞান হারান।নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পথে দুজন মারা যান। আহতদের মধ্যে নুরুন্নাহার বেগম (৪০), সাহেরা বেগম (৬০) ও রাকীব মিয়ার (১৮) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবপুর থানার উপপরির্দশক (এসআই) আবদুল জলিল বলেন, নিহত ব্যক্তিদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঘটনাস্থলের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে দুপুর একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।