শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন নেতা-কর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে শিবপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল মান্নান খানের নেতৃত্বে ওই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ থেকে শিবপুরে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দলের সংকটময় সময়ে সবাই যখন ঐক্যবদ্ধ হচ্ছিল তখন সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে ও অগণতান্ত্রিক উপায়ে গোপনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরে বিকেল চারটায় শিবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশের ডাক দেন আবদুল মান্নান খান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনও ওই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করেন। কিন্তু প্রশাসনের বাধার মুখে কেউ সমাবেশ করতে পারেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা বেগম বলেন, দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় প্রশাসন কাউকে অনুমতি দেয়নি।