শিবপুরে মুরগির বর্জ্যে পড়ে দুই সহোদর শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে একটি খামারে মুরগির বর্জেযর স্তূপে পড়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার জয়নগর চৌরাস্তা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো জয়নগর গ্রামের আরাফাত মিয়া (৬) ও রিফাত মিয়া (৪)। তারা ওই গ্রামের হানিফ মিয়ার সন্তান।
শিশু দুটির পরিবারের সদস্যরা বলেন, সোমবার সকাল নয়টার দিকে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশু দুটির সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। বাড়ির পাশে কফিল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির লেয়ার মুরগির একটি খামার রয়েছে। মুরগির বর্জ্য খামারের পাশে গর্ত করে ফেলে জমিয়ে রাখা হয়। বৃষ্টির পানিতে বর্জ্য পাতলা ও নরম হয়ে যায়। রাত ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা দেখতে পান, ওই বর্জ্যের গর্তে শিশু দুটির শরীরের কিছু অংশ বের হয়ে আছে। পরে গর্ত থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যক্তিরা বলেন, শিশু দুটির পরিবার খুবই দরিদ্র। ৬০ হাজার টাকার বিনিময়ে খামারের মালিক পুলিশের নজর এড়িয়ে গতকাল সকালে লাশ কবর দেওয়ার ব্যবস্থা করেন।
জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিম সরকার দুই সহোদরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, মূলত এই মৃত্যুর জন্য খামারের মালিক দায়ী। কারণ, খোলা জায়গায় গর্ত করে বর্জ্য জমানোর কারণে বৃষ্টির পানিতে এটি মৃত্যুকূপে পরিণত হয়। এই ব্যাপারে সব খামারিকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি তাঁদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।