শিবপুরে র‌্যাব সেজে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় গতকাল রোববার র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বাঘাব ইউনিয়নের আকড়াশালা গ্রামের আমিনুল হক, দোলন মিয়া ও শহিদুল ইসলাম।আটক ব্যক্তিরা পুলিশকে বলেন, ‘র‌্যাবকে মানুষ ভয় পায়। পরিচয় দিলে সহজে দরজা খুলে দেয়। নিরাপদে চলে যাওয়া যায়। এ কারণেই ডাকাতির জন্য র‌্যাব সেজেছি। অস্ত্র হিসেবে ব্যবহার করি খেলনা একে ৪৭ রাইফেল।’শিবপুর থানার পুলিশ জানায়, গতকাল ভোরে র‌্যাবের পোশাক পরে আট-নয়জন ডাকাত উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে ঢুকে। বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। অস্ত্রের পাশাপাশি তাঁদের হাতে দা ও ছুরি দেখে ওই ব্যক্তি নিশ্চিত হন, তাঁরা আসলে র‌্যাব নন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে শিবপুর থানার পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে এই তিনজনকে আটক করে। তাঁদের কাছ থেকে র‌্যাব-১১ লেখা র‌্যাবের পোশাক, একটি খেলনা একে ৪৭ রাইফেল, একটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবার মনে রাখা উচিত, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যের হাতে অস্ত্র ও ওয়াকিটকি থাকবে। কখনোই দেশীয় অস্ত্র থাকবে না।