শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক ও দুই আরোহী নিহত হন। তাঁদের একজনের নাম শরীফ চৌধুরী (২৭)। অন্য দুজনের নাম জানা যায়নি। তাঁদের বাড়ি সিলেটে।
নরসিংদীর ইটাখোলা সড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম সন্ধ্যায় জানান, গতকাল বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগড় এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে ইটাখোলা সড়ক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।