শিবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার হাজিবাগান এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী পৌর এলাকার বানিয়াছল মহল্লার হরিপদ দের ছেলে লোকনাথ দে (২৬), একই এলাকার মাখন দাশের ছেলে অসীম দাশ (২৮), নরসিংদী সরকারি কলেজের সম্মান ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও ব্রাহ্মন্দী খালপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে মিমু হাসান (২৪)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী থেকে ভৈরব যাওয়ার উদ্দেশে তিনটি মোটরসাইকেলে মোট নয় বন্ধু আরোহী হন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় ইউনিয়নের হাজিবাগান এলাকায় একটি মালবোঝাই ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা কুলিয়ারচর থেকে ঢাকাগামী স্বপ্নবিলাস পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন আরোহীসহ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই লোকনাথ দে, অসীম দাশ মারা যান। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে নরসিংদী সরকারি কলেজের ছাত্র মিমু হাসান মারা যান।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক ফখরুল ইসলাম বলেন, অসচেতনভাবে এবং দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোই মূলত দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের লাশ জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।